এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার | ১২ এপ্রিল ২০২৬ , ১০:৫৪:১০ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচ রাস্তার মোড়ে মূল সড়কে দীর্ঘদিন ধরে একটি গভীর খাদ সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে সড়কের ওই স্থানে খাদটির সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার কাজ করা হয়নি। ফলে বাজারের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ব্যস্ত সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
রোববার (১২ এপ্রিল) সকালে খাদে পড়ে ধানবোঝাই একটি টলি ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং পথচারী ও মোটরসাইকেল আরোহীরা চরম ভোগান্তিতে পড়েন।
এলাকাবাসী জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
ঔষধ ব্যবসায়ী মঈন হোসেন বলেন,“দীর্ঘ ৮ বছর ধরে এই খাদটি পড়ে আছে। মনে হচ্ছে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরেই আসেনি। অথচ এটি বাজারের সবচেয়ে ব্যস্ত সড়ক।”
বাঁকড়া বাজার কমিটির সাবেক সভাপতি মোস্তফা আসাদুজ্জামান বলেন,“২০১৩ ও ২০১৮ সালে নগর উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) এর আওতায় সড়কটি উন্নয়ন করা হয়। তখন কাজের ত্রুটির কারণে এই স্থানে উঁচু-নিচু হয়ে খাদ তৈরি হয়। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্কারের কথা থাকলেও তা করা হয়নি।”
বর্তমান বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান জানান,“আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে।”
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা বলেন,“বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব দ্রুত স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে করে দুর্ঘটনা এড়ানো যায় এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হয়।




















