সারাদেশ

২০ মেট্রিক টন সরকারি চাল পাচারকালে ড্রাইভার-হেলপার আটক

  প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ১:০০:০৫ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার মদনে অবৈধভাবে খাদ্য গুদাম থেকে পাচারকালে সরকারি ৬৬৭ বস্তায় ২০ মেট্রিক টন চাল জব্দ করেছে মদন থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের মেসার্স সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ করে প্রশাসন।

এ সময় পুলিশ ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও তারই সহকারী হেল্পারশাহিন মিয়াকে (২৫) আটক করে থানা হেফাজতে নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা (২০ মেট্রিক টন) সরকারি চাল ভর্তি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত ৬৬৭ বস্তা চাল জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা করেন চালক।

স্থানীয় লোকজন পাচারের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মদন উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চালগুলো জব্দ করেন।

এ সময় চালক শামীম ৬৬৭ বস্তা চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না দিতে পারায় চাল ভর্তি ট্রাকটি জব্দ করে মদন থানা পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা চাল প্রচারের বিষয়ে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, ‘আমি স্টেশনে নাই। চাল জব্দের বিষয়ে আমি কিছুই জানি না।’

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে নির্দেশ দিয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘জব্দ হওয়া চাল ভর্তি ট্রাক ও চালক, হেল্পার থানায় নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর

Sponsered content