সারাদেশ

তেঁতুলিয়ায় বড় ভাইয়ের চা বাগানে ছোট ভাইয়ের বিষ প্রয়োগের অভিযোগ

  মোঃ মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার: ১৫ মে ২০২৬ , ৪:২১:৫৩ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোড সংলগ্ন পেদিয়াগজ গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের চা বাগানে বিষাক্ত রাসায়নিক স্প্রে করে গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগী মো. আব্দুল হান্নান ও মোছা. লুৎফা বেগমের ২৯ শতক জমির চা বাগানটি ধ্বংসের অভিযোগ উঠেছে আবু বক্কর সিদ্দিক নামে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিহিংসাবশত আবু বক্কর সিদ্দিক চা বাগানে বিষাক্ত আগাছানাশক বা রাসায়নিক স্প্রে করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েক দিনের মধ্যেই সবুজ চা গাছগুলো তামাটে হয়ে শুকিয়ে যেতে শুরু করে।

সরেজমিনে দেখা যায়, তিলে তিলে গড়ে তোলা চা বাগানের অধিকাংশ গাছই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছ শুকিয়ে মরে যাওয়ার উপক্রম হয়েছে।

আব্দুল হান্নান আক্ষেপ করে বলেন, “নিজের আপন ভাই হয়ে কীভাবে এমন ক্ষতি করতে পারল বুঝতে পারছি না। এই চা বাগানই ছিল আমাদের পরিবারের আয়ের অন্যতম উৎস। এখন সেটি প্রায় ধ্বংস হয়ে গেছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে দুঃখজনক ও ন্যাক্কারজনক উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারও ঘটনার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

আরও খবর

Sponsered content