সারাদেশ

বাউফলের জনসভায় জামায়াত আমির

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০০:২২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত জনসভায় অংশ নিতে মঞ্চে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথমবারের মতো বাউফলে আসেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলার পাবলিক মাঠে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাস্থল মুখর হয়ে ওঠে দলীয় স্লোগান ও কর্মীদের সমাগমে।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম মুজাহিদ জানান, সকালে হেলিকপ্টারযোগে ডা. শফিকুর রহমান বাউফল সরকারি কলেজ মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জনসভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগেও অংশ নেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে জনসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘জনসভাকে কেন্দ্র করে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আরও খবর

Sponsered content