সারাদেশ

কুমিল্লায় দুই লাখ টাকাসহ আটক জামায়াত নেতা

  অনলাইন ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৯:২১ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের কাছে সোপর্দ করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন হাবীবুর রহমান হেলালী। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনে রাখা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ওপর পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল পাওয়া যায়, যার পরিমাণ দুই লাখ টাকা।

খবর পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল রহমান বলেন, খবর পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাকে টাকা বিলির সময় হাতেনাতে ধরা হয়নি। বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী দেখবেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, স্থানীয়রা হাবীবুর রহমান হেলালীকে দুই লাখ টাকাসহ আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন। পরে তাকে থানায় আনা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content