সারাদেশ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ

  সাতক্ষীরা প্রতিনিধি: ১৫ মে ২০২৬ , ৫:৪২:৫২ প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা, বাড়িঘর, দোকানপাট, মসজিদ ও মাদরাসায় হামলা এবং সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় শহরের নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সমাবেশে জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলার সভাপতি মাওলানা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতির জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন হুজায়ফী এবং সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামানসহ অন্যরা।

এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে এসব নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, অতীতে কোনো গোষ্ঠী নির্যাতন-নিপীড়নের মাধ্যমে টিকে থাকতে পারেনি। একইসঙ্গে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান তারা।

আরও খবর

Sponsered content