চাকরি

কলার পাতা খাওয়াকে কেন্দ্র করে ছাগল কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

  মাসুম বিল্লাহ, শেরপুর প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ১:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুর উপজেলায় কলা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে এক ছাগলকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা এবং আরও দুটি ছাগলকে আহত করার অভিযোগে সজিব হাসান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে বাঙালি নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়াতে দেন। দুপুরে ফেরার পথে একটি ছাগল সজিবের বাড়ির পাশে থাকা কলা গাছের পাতা খায়। এতে ক্ষুব্ধ হয়ে সজিব ধারালো দা দিয়ে একটি ছাগলকে কুপিয়ে হত্যা করে এবং আরও দুটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

বাধা দিতে গেলে ছাগল মালিক জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে সজিব। পরে মঙ্গলবার রাতে ভুক্তভোগীর স্বামী আল মাহমুদ বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, “অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আরও খবর

Sponsered content