নিজস্ব প্রতিবেদক: ২৩ অক্টোবর ২০২৫ , ১:৪৯:৫০ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তহুরা আলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বেগম তহুরা আলী অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওনের মা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শাওন লিখেছেন—
“গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মা বেগম তহুরা আলী মারা গেছেন। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাত নসিব করেন।”
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে—
প্রথম জানাজা আসরের পর গুলশান আজাদ মসজিদে,
এবং দ্বিতীয় জানাজা মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।
বেগম তহুরা আলী ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জামালপুর-শেরপুর অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফেনী থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
ফেনী জেলায় জন্মগ্রহণ করা তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেন এবং পরে ব্যবসায়ী হিসেবে সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।















