প্রতিনিধি ১৭ মে ২০২৬ , ২:৪৭:৩৬ প্রিন্ট সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় হাসিবুর রশিদের অবস্থান টের পেয়ে তাকে আটকে রাখেন স্থানীরা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত এই আদেশ দেন।“




















