সারাদেশ

কালকিনিতে জমি বিরোধে অসহায় পরিবারের চলাচলের পথ বন্ধের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

  ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার, মাদারীপুর: ২৪ এপ্রিল ২০২৬ , ৮:২৫:২১ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি অসহায় পরিবারের চলাচলের পথ বন্ধ করে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিমালা কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমালা দীর্ঘদিন ধরে তার পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন। স্বামীর মৃত্যুর পর তিন মেয়ে ও এক ছেলে রিফাতকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। ছেলে রিফাত ঝালমুড়ি বিক্রি করে সংসারের খরচ চালান।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবেশী সিরাজ খলিফা, সাইফুল খলিফা, আরিফ খলিফা ও অহিদুল খলিফার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগীর অভিযোগ, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তারা প্রায়ই ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

সিমালার দাবি, সম্প্রতি তার দখলকৃত জমির চলাচলের পথ বন্ধ করে সেখানে নির্মাণকাজ শুরু করে বিবাদীপক্ষ। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়ির সামনে পথে বালু ভরাট করতে গেলে বিবাদীরা বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার পরিবারকে ক্ষতিসাধনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগ রয়েছে, সিরাজ খলিফার ছেলে আরিফ খলিফা প্রকাশ্যে রিফাতকে হত্যার হুমকি দিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও স্থানীয়দের কাছে রয়েছে বলেও জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে আরিফ খলিফা বলেন, এসব অভিযোগ সঠিক নয়। অন্যদিকে সিরাজ খলিফা জানান, বিরোধপূর্ণ জায়গার একটি অংশ রিফাত ক্রয় করেছেন, তবে চলাচলের পথ বন্ধ করার বিষয়টি তিনি এড়িয়ে যান।

স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content