প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ১০:০২:২৯ প্রিন্ট সংস্করণ
ভারতের রাজধানী নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আগাম অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে তিনি দেশে ফিরছেন।
গতকাল রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় একপর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
আজ সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তথ্য উপদেষ্টার।
জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টিও স্পষ্ট করেনি।
এমন পরিস্থিতিকে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে উপদেষ্টা বিরক্ত হয়ে পাসপোর্ট ফেরত চান এবং ফেরত পানও। পরের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে যদিও ভারতীয় ইমিগ্রেশন তাকে সসম্মানে প্রবেশের অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
দিল্লি সময় রাত ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেন তথ্য উপদেষ্টা। সোমবার সকালে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।সব ঠিক থাকলে আজ দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।














