সারাদেশ

১৭ কোটি ২৪ লাখ টাকা অপারেশনাল মুনাফা, রাকাবের রাজশাহী বিভাগের শীর্ষে নওগাঁ জোন

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ৩ জুলাই ২০২৬ , ১২:২১:১১ প্রিন্ট সংস্করণ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের (৩০ জুন ২০২৬ ভিত্তিক) বার্ষিক হিসাব সমাপনীতে ১৭ কোটি ২৪ লাখ টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে নওগাঁ জোন। এ অর্জনের মাধ্যমে রাজশাহী বিভাগের ৯টি জোনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জোনটি।

এর আগে চলতি অর্থবছরের অর্ধবার্ষিক হিসাব সমাপনীতেও ব্যাংকের ১৮টি জোনের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছিল নওগাঁ জোন।

ব্যাংক সূত্র জানায়, মাঠপর্যায়ে বিশেষ ঋণ আদায় কার্যক্রম, প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, আমানত সংগ্রহ বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।

চলতি বছরের এপ্রিল মাসে আয়োজিত ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা’ কর্মসূচির সময় নওগাঁ জোন ৪৫০ কোটি টাকার আমানতের মাইলফলকও স্পর্শ করে।

এ সাফল্য উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জোনাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জোনাল ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

মো. রুহুল আমিন বলেন, “এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়। নওগাঁ জোনের আওতাধীন ৩০টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পরিশ্রম এবং গ্রাহকদের আস্থার ফলেই আমরা এই সাফল্য অর্জন করেছি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতেও গ্রাহকসেবা, ঋণ আদায় এবং ব্যাংকের স্বার্থ রক্ষায় সবাই আন্তরিকভাবে কাজ করলে আরও ভালো ফল অর্জন সম্ভব হবে।”

নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন, “জোনাল ব্যবস্থাপকের সঠিক নেতৃত্ব এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আমরা ধারাবাহিকভাবে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি।”

ব্যাংক সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে পরিচালিত বিশেষ ঋণ আদায় ক্যাম্পে প্রায় ৩৯ কোটি টাকা ঋণ আদায় করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল খেলাপি ঋণ। এছাড়া বৈশাখী হালখাতা কর্মসূচিতে দুই দিনে ১১ কোটি ২০ লাখ টাকা আদায় করা হয়, যার মধ্যে দীর্ঘদিনের বকেয়া ও শ্রেণীকৃত ঋণ ছিল ২ কোটি ৬৫ লাখ টাকা।

এছাড়া গত ২১ জুন পত্নীতলা শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানে ২৮ জন প্রান্তিক কৃষকের মধ্যে ৩৩ লাখ ৫০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করা হয়।

গ্রাহকসেবা উন্নয়নের অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলার হাজীনগর শাখাকে আধুনিক ভবনে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি সিএমএসএমই কার্যক্রম, কৃষি ঋণ বিতরণ এবং সরকারের বিভিন্ন আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাস্তবায়নেও নওগাঁ জোন সক্রিয় ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, কর্মদক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন ইতোমধ্যে রাকাবের রাজশাহী বিভাগের ‘শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক’ সম্মাননা লাভ করেছেন।

অনুষ্ঠানে এজিএম চিত্তরঞ্জন বসাক, নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলমসহ জোনাল কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ব্যাংক সংশ্লিষ্টদের মতে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, আমানত বৃদ্ধি, স্বচ্ছ ঋণ বিতরণ এবং দক্ষ ব্যবস্থাপনার সমন্বয়ে নওগাঁ জোন বর্তমানে রাকাবের একটি সফল কর্মদক্ষতার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আরও খবর

Sponsered content