জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ১:১৮:৫৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রাকিব ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি গার্মেন্টস কর্মী ছিলেন এবং কুড়িল কুড়াতলী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

রাকিবুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, সকালে তিনি নিজের কাজের উদ্দেশ্যে কুড়িল রেলগেট এলাকার রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। নিহত রাকিব মাথায় ছাতা দিয়ে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। মাথায় ছাতা থাকার কারণে সম্ভবত তিনি ট্রেনের হর্ন বা শব্দ শুনতে পাননি। এ সময় ট্রেনের ধাক্কা গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে নিহতের পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরিবারের বরাত দিয়ে পথচারী আরো বলেন, মৃত রাকিব অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। গতকাল থেকে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেছিলেন। আজ ছিল তার চাকরির দ্বিতীয় দিন। আজ সকালে কর্মস্থল গাজীপুরের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরও খবর

Sponsered content