আন্তর্জাতিক

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ১২:১২:৪৪ প্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি কনটেইনার জাহাজে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থানে তৃতীয় দফায় সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানায়। স্থানীয় সময় রোববার ভোর পর্যন্ত হামলা অব্যাহত ছিল বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ প্রণালি অতিক্রমের সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহিনী হামলা চালায়। এতে জাহাজটির এক নাবিক নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজে আগের হামলার পর স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলার জন্য ইরানকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেহরান আবারও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলা শুরু হয়। হামলার উদ্দেশ্য ইরানের ওপর ‘ভারী মূল্য চাপিয়ে দেওয়া’।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।’

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে হরমুজ প্রণালির উপকূলবর্তী অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর শহরের উপকণ্ঠেই ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

এ ছাড়া পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কেশমেও বিস্ফোরণের খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি। হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই দ্বীপকে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বলয়ের অংশ হিসেবে বিবেচনা করা হয়।

আইআরআইবি আরও জানায়, হরমুজ প্রণালির মুখোমুখি অবস্থিত বন্দর আব্বাস ও সিরিক শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরের কেরমান শহরেও বিস্ফোরণ হয়েছে।

এ ছাড়া পাকিস্তান সীমান্তসংলগ্ন উপকূলীয় শহর চাবাহারেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আইআরজিসি।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজটি অনুমোদনহীন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করছিল। সেই কারণেই জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে তাদের দাবি।

সর্বশেষ এই হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও খবর

Sponsered content