বিনোদন

আর্জেন্টিনার জয়, তারকাদের রসিকতা ও আনন্দ-উল্লাস

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ২:২০:০৪ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। হাই-ভোল্টেজের এই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু প্রথমার্ধে শৈল্পিক খেলা উপহার দেওয়ার পরিবর্তে দুই দলই মেতেছিল ফিজিক্যাল অ্যাটাকিংয়ে; যা দর্শকদের হতাশ করে।

দ্বিতীয়ার্ধের খেলায় চিত্রপট বদলে যায়। ৫৫ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের গোল আর্জেন্টিনা দল ও তাদের ভক্তদের স্নায়ুবিক চাপে ফেলে। তবে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত একটি গোল আর্জেন্টিনাকে সমতায় ফেরায়। যোগ করা (৯০+২) সময়ে লাওতারো মার্তিনেজের গোলে বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। মাত্র সাড়ে ৬ মিনিটে ম্যাচের জাদুকরি দখল নিয়ে বিশ্বকে চমকে দেয় মেসির দল।

আর্জেন্টিনার অনন্য পারফরম্যান্স মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। দেশের শোবিজ অঙ্গনের তারকারা প্রতিক্রিয়া ব্যক্তি করেছেন। তাদের কেউ কেউ রসিকতার ছলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অভিনেতা চঞ্চল চৌধুরী একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। তার পাশে বসে আছেন চিত্রনায়িকা মৌসুমী। ছবিটির ওপরে লেখা, ‘ওগো তুমি ওঠো, একটা গোল-টোল দাও। কমিটি-টমিটি নিয়ে ঐসব আপঝাপ কথা বলে পাড়ার মানুষকে আর কত বুঝ দেব বলো?’

ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিজয় উদযাপন পরে করো। যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও। গালি দেওয়ার ভাষাও তারা ভুলে গেছে! বি. দ্র. এটি একটি মজা পোস্ট, কাউকে ব্যথা দেওয়ার জন্য নয়!’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা লিওনেল মেসির ভক্ত। তার প্রতি মুগ্ধতা ও ভালোবাসার জন্যই আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক তিনি। আর্জেন্টিনার অবিশ্বাস্য বিজয়ের পর উল্লাস করতে দেখা যায় তার পোস্ট করা ছবিতে। উচ্ছ্বসিত পূর্ণিমা লিখেছেন, ‘চ্যাম্পিয়নদের পাশে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিজয় উদযাপনে আমরা গর্বিত। শেষ একটি লড়াই অপেক্ষা করছে!’

মাঠের উত্তেজনাকর পরিস্থিতি উল্লেখ করে ছোটপর্দার অভিনেত্রী নাদিয়া আহমেদ একটি পোস্ট দিয়েছেন। প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে এই অভিনেত্রী লিখেছেন, ‘কোনো তাবিজ, কুফা লাগানোর চেষ্টায় কাজ হবে না। ফার্স্ট হাফে বদ নজরে আর্জেন্টিনা একটু কাবু হয়ে মারামারিতে অংশ নিলেও সেকেন্ড হাফে সব বদ নজর চাপিয়ে খেলায় ব্যাক করে ভালো খেলে। দুইটা দুর্দান্ত গোল ৬ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে। উই আর ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ফাইনাল। ভামোস আর্জেন্টিনা!’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি আলবিসেলেস্তেদের জয়কে সব বাধা পেরিয়ে আসার প্রতীক হিসেবে দেখছেন। এ অভিনেত্রী লিখেছেন, ‘শক্রুর অভিশাপ-অপপ্রচার তুচ্ছ করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে!’

অভিবাদন জানিয়েছেন অভিনেত্রী ফারজানা চুমকীও। ম্যাচের শেষভাগের প্রশংসা করে এই অভিনেত্রী লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। শেষের দিকে খেলাটা অসাধারণ ছিল।’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব একজন ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থক ও মেসির ভক্ত। প্রিয় দলের বিজয়ের পর তৌসিফ মাহবুব তার ফেসবুকে নিজের ছবি পোস্ট দিয়েছেন। তাতে এই অভিনেতাকে আর্জেন্টিনার পতাকা হাতে দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা আর্জেন্টিনা। জয় আমাদের অভ্যাস।’

অভিনেত্রী তানজিকা আমিন আর্জেন্টিনার জার্সি পরিহিত ছবি দিয়ে লিখেছেন, ‘মেসি, একটা জ্যামিতি বক্স। অবাক হই ভেবে, যে এই দুনিয়াতে মেসি হেটার্সও আছে। ক্ষমা করো প্রভু।’ অন্য একটি পোস্টে তানজিকা আমিন লিখেছেন, ‘বাকরুদ্ধ। ভামোস আর্জেন্টিনা।’

‘এটা আমাদেরই গল্প’খ্যাত অভিনেতা ইরফান সাজ্জাদ ব্রাজিল সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গুছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি!’

অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘আর্জেন্টিনা তুমি একটা বিউটি।’

এদিকে, আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ার পর চিত্রনায়ক ওমার সানীকে খোঁচা দিয়ে অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মত। তবে তুলার না। একদম অরিজিনাল।’

আরও খবর

Sponsered content