প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ১১:৪১:২৭ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদের অধিবেশনে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের অভিযোগ তুলেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সেদিন তার ওই বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুধু তাই নয়, ক্ষমা না চাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রতিমাসে গড়ে হত্যাকাণ্ড হয়েছে ২৬০টি আর বর্তমান সরকারের সময় হত্যা হয়েছে ৩১১টি। সে সময় ৬ মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮০ জন আর বর্তমান সরকারের সময় ৬ মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮৯ জন।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বিগত সরকারের ৬ মাসে ১ হাজার ৯০টি আর বর্তমান সরকারের সময় ঘটেছে ১১ হাজার ১৬৫টি। বিগত সরকারের সময় ৬ মাসে গণপিটুনিতে নিহত হয় ১৬৬ জন আর বর্তমান সরকারের ৬ মাসে গণপিটুনিতে নিহত হয় ১২০ জন। পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে ২৭৫টি যেখানে এই সরকারের সময় ঘটে ৩১৭টি।
ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে এনসিপির সংসদ সদস্য বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়া একটি কালচারাল জেলা সেখানে গান-বাজনা, সিনেমা বন্ধের মতোই।
সবশেষ হাসনাত বলেন, এই ৬ মাস বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পেরেছেন কি না বা তিনি এই ৬ মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পেরেছেন কি না বা এই ৬ মাসে ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন কি না।
তার এই বক্তব্যের প্রতিবাদে গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সম্প্রতি বিভিন্ন ঘটনা নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। এ সময় বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) হাসনাত আবদুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।





















