সাতক্ষীরা কৃষি অফিসের সূর্যমুখী দানা মাড়াইয়ের মেশিন প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ না করে একজন ব্যবসায়ীর কাছে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আব্দুস সালাম কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী আব্দুস সালাম সাতক্ষীরা সদর উপজেলার যোগীরাজপুর গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সফলভাবে সূর্যমুখী চাষ করে আসছেন। কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের জন্য বিনামূল্যে সূর্যমুখী দানা মাড়াইয়ের একটি মেশিন (মূল্য আনুমানিক ৮ লাখ টাকা) প্রদান করা হয়।
কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রকৃত চাষীদের না দিয়ে মেশিনটি একজন ব্যবসায়ীকে দেওয়া হয়েছে।
আব্দুস সালাম অভিযোগে উল্লেখ করেন, বিষয়টি নিয়ে তিনি কৃষি মন্ত্রণালয়, সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা কৃষি খামারবাড়ি অফিসে লিখিত আবেদন করেছেন।
তিনি আরও দাবি করেন, আব্দুল হান্নান নামের ব্যক্তি কৃষক না হয়েও সরকারি মেশিন নিয়ে নিজে ব্যবহার না করে অন্যদের কাছে ভাড়া দিয়ে ব্যবসা করছেন। এতে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি তদন্ত করে মেশিনটি প্রকৃত কৃষকদের ব্যবহারের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষিবিদ অফিসার মনির হোসেন বলেন, কয়েক বছর আগে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে মেশিনটি অনুমোদন দেওয়া হয়। তবে এটি কোনো ব্যক্তি এককভাবে পাবে না। মেশিনটি ‘মাগুরা সূর্যমুখী গ্রুপ’-এর আওতায় থাকবে, যেখানে ২৫ জন কৃষক সদস্য রয়েছেন। তাদের মধ্য থেকে ৫ জন গ্রুপ পরিচালনা করবেন এবং সকল সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী মেশিন ব্যবহার নির্ধারিত হবে।
সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, “কৃষকদের জন্য যা বরাদ্দ আছে, তা নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়। এর ব্যত্যয় হলে তা আইন পরিপন্থী হবে।”
অভিযোগের বিষয়ে তদন্ত হলে প্রকৃত চিত্র উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





























