মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২২ নভেম্বর ২০২৫ , ১১:১৫:১০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের নবাবগঞ্জে আয়োজিত এক পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী দল। দেশের বর্তমান চাকরি ব্যবস্থায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঘুষ–দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবিচারের চর্চা একেবারেই নির্মূল করা হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই সবাই সমানভাবে চাকরির সুযোগ পাবে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে টাকা ছাড়া চাকরি পাওয়া যায় না—এটা এখন জনগণের স্বীকৃত বাস্তবতা। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে এ বাস্তবতা পাল্টে যাবে। শিক্ষিত যুব সমাজকে আমরা আশ্বস্ত করতে চাই, চাকরির একমাত্র মানদণ্ড হবে মেধা।”
কৃষকের দুর্দশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন কৃষক সারা বছর কঠোর পরিশ্রম করেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন—যা অত্যন্ত বেদনাদায়ক। তিনি আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, শ্রমিকদেরও প্রাপ্য শ্রমমূল্য দেওয়া হবে। উৎপাদন, বাজার ও সরবরাহ ব্যবস্থায় সংস্কার এনে সবার জন্য ন্যায্য পরিবেশ তৈরি করা হবে।
বিএনপির সাংগঠনিক নীতি সম্পর্কে তিনি বলেন, “বিএনপি কারও ব্যক্তিগত স্বার্থরক্ষা বা দলে–দলে বানানো সংগঠনের জায়গা নয়। দায়িত্ব, নীতি ও সততাই আমাদের মূলনীতি। কেউ দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়ালে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।” তিনি দলের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
পথসভায় গোলাপগঞ্জ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। করতালির মধ্য দিয়ে তারা ডা. জাহিদ হোসেনের বক্তব্যে সমর্থন জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতারা বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং আগামি নির্বাচনে দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




















