মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৫৯:৪২ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে দুই ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে। তবে মামলা হওয়ার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমলসার পূর্বপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার সকালে শ্রীপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেন।
স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার বাজারের দোকানঘর ও বাড়িতে অভিযান পরিচালনা করেন। সেখানে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগ ওঠে শহীদ জোয়ার্দারের বিরুদ্ধে। অভিযানে ৩২৮ বস্তা সার জব্দ করে শ্রীপুর থানা হেফাজতে নেওয়া হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, উপজেলা কৃষি অফিস কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে সার পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রত্যেক ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীর কার্যক্রম তদারকের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি অভিযানে সার জব্দ ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, কৃষকদের ভোগান্তিতে ফেলে অবৈধভাবে সার মজুদের কোনো সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহকেন্দ্রগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















