আন্তর্জাতিক

৬০ শতাংশ ভোট গণনায় এগিয়ে নেতানিয়াহুর লিকুদ

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ , ২:০৮:১৮ প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৬০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ২১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি পেয়েছে ১৬ দশমিক ২ শতাংশ ভোট। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আজ বুধবার ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রকাশিত আনুষ্ঠানিক তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দলগুলো নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) কতটি আসন পেতে পারে, সে বিষয়ে কোনো হিসাব দেওয়া হয়নি।

ইসরায়েলের নির্বাচনে ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয়, রাজনৈতিক দলকে ভোট দেন। এরপর দলগুলো জোট গঠন করে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করে। দেশটির নির্বাচনী ইতিহাসে এখন পর্যন্ত কোনো একক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এবারের নির্বাচনের প্রাথমিক ফলেও সরকার গঠনের বিষয়ে এখনই নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। চূড়ান্ত ফলাফল এবং দলগুলোর মধ্যে জোট গঠনের সমীকরণই নির্ধারণ করবে পরবর্তী সরকার কারা গঠন করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলা এবং এরপর শুরু হওয়া ধারাবাহিক যুদ্ধের প্রেক্ষাপটে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে দেশটির জনগণের মধ্যে গভীর বিভাজন রয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ও অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচন তাই ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

আরও খবর

Sponsered content