প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৭:২৫:২৫ প্রিন্ট সংস্করণ
ভারী বৃষ্টিপাত এবং ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার ফলে তিস্তা নদীর পানি কোথাও বিপৎসীমার ওপর দিয়ে, আবার কোথাও নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল তোড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ৮ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে ডালিয়া কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ডালিয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার বিকেলে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেয়। এরপর থেকেই তিস্তার পানি প্রবাহে অস্থিরতা দেখা দিয়েছে, যা বিভিন্ন সময়ে বিপৎসীমার ওপরে উঠে আসছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব গণমাধ্যমকে জানিয়েছেন, পানির স্তর বাড়ায় উত্তরের পাঁচটি জেলা—রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের অন্তত ৮ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভারতের গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ার প্রভাবেই মূলত নদী অববাহিকায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।










