প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রোববার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেয় একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা (ভার্চুয়ালি)। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই দিনগুলির কথা তুলে ধরেন। রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে তখন তাঁরা নো নো বলে চিৎকার করে প্রতিবাদ জানানোর অভিব্যক্তি প্রকাশ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি বলেন, ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা সংগ্রাম এগিয়ে এনেছিল। আমাদেরকে বাংলাভাষা ব্যবহারের প্রতি আন্তরিক হতে হবে। বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেলেও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহারের জন্য আমাদের কাজ করা প্রয়োজন বলে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন মাতৃভাষার অধিকার রক্ষায় আমাদের বাংলাভাষার চর্চা বৃদ্ধি করা অপরিহার্য।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, মোসা. কামরুন নেহার। সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটু বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টার এর প্রেসিডেন্ট ও ঢাকার ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর প্রিন্সিপাল রিসার্চ ফেলো এন্ড সেক্রেটারী জেনারেল ড. ইশারাফ হোসেন। তিনি বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম। ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙ্গালী জাতি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে প্রতিবাদ জানাতে শিখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান—নিজ নিজ অবস্থান থেকে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং এর সঠিক ব্যবহারে সচেতন ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার। এছাড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ্ আনয়োর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।




















