মেহেরপুর প্রতিনিধি: ২৩ জুন ২০২৬ , ৮:৫৭:৩৫ প্রিন্ট সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে শহরের শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এর আগে শহীদ শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং অর্থপাচারের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ শাসনের অবসানের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে আওয়ামী লীগ পুনরায় নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজিসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।




















