প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১:১২:০৪ প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন। গানে গানে দেশ, সমাজ ও মানুষের কথা বলেন। তার কণ্ঠে গাওয়া অনেক গান এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। বিশেষ করে দেশের গান মানেই কানে বাজে শিল্পীর সৃষ্টি ‘স্বাধীনতা’ গানটি।
এদিকে গতকাল শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে- মারা গেছেন এই শিল্পী! গুজবটি বেশ জোরালোভাবেই ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে যোগাযোগ করা হয় হায়দার হোসেনের সঙ্গে।
এদিন রাত সাড়ে ১০টায় তার ফোনটি রিসিভ করেন ঘনিষ্ঠজন ফটোগ্রাফার মাজেদ চৌধুরী। তিনি শুরুতেই বলেন, ‘ভাইয়া ভালো আছেন, এগুলো গুজব।’
তিনি আরও জানান, শিল্পীর শারীরিকভাবে কোনো সমস্যা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।
ভুয়া খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় ভক্ত-শ্রোতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। পরে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন।
ফেসবুকে তিনি লিখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
গুজবটি ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন এই শিল্পী। তিনি বলেন, “সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না। একের পর এক ফোন আসছে। কী যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি, ভালো আছি।’
জানা যায়, হায়দার হোসেনের হৃদযন্ত্রে কিছু জটিলতা রয়েছে। তবে আপাতত কোনো সমস্যা নেই। একই কারণে বছর দুয়েক আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন এই গায়কের হৃদযন্ত্রে একটি করোনারি স্টেন্ট বসানো হয়। তবুও প্রতিনিয়ত নতুন গান লেখা চালিয়ে যাচ্ছেন এই শিল্পী।


