প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১২:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ
তরুণ তারকা লামিনে ইয়ামালের দুর্দান্ত এক গোলে কঠিন লড়াইয়ের ম্যাচে আথলেতিক বিলবাওকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শনিবার বিলবাওয়ের মাঠে পাওয়া এই জয় লিগের শীর্ষে থাকা বার্সেলোনাকে আরও স্বস্তি দিয়েছে। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর এবং সামনে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ইউরোপের ক্লাব প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় বার্সেলোনার কোচ হানসি ফ্লিক দলে বেশ কিছু পরিবর্তন আনেন। ফলে ম্যাচের প্রথমার্ধে কিছুটা ছন্দহীনই দেখায় তার দলকে।
প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল আথলেতিক বিলবাও। কিন্তু বারবারই তাদের হতাশ করেছেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি দলকে সমতায় রাখেন এবং চলতি মৌসুমে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করেন।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠে নামানো হয় রাফিনিয়া, পেদ্রি ও রবার্ট লেভানদোভস্কিকে। এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচের ৬৮তম মিনিটে পেদ্রির দারুণ পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের কার্ল করা শটে বল জালে জড়ান ১৮ বছর বয়সী ইয়ামাল। তার অসাধারণ এই গোলেই স্তব্ধ হয়ে যায় স্বাগতিক সমর্থকদের গ্যালারি।
২৭ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট কম চার। অন্যদিকে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে অ্যাথলেটিক বিলবাও।
ম্যাচের প্রথমার্ধে খুব একটা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। বিরতির আগে প্রতিপক্ষের গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতেও পারেনি তারা। বিলবাওয়ের ঐতিহ্যবাহী মাঠে গ্যালারি ভর্তি দর্শকদের সামনে বেশিরভাগ সময় খেলায় নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতেই।
তবে শেষ পর্যন্ত ইয়ামালের অসাধারণ এক মুহূর্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তার নৈপুণ্যে করা গোলই শেষ পর্যন্ত বার্সেলোনাকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেয়।














