প্রচ্ছদ

আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই কেন ইশরাকের গেজেট প্রকাশ, জানাল ইসি

  মতপ্রকাশ ডেস্ক ৩০ এপ্রিল ২০২৫ , ৬:১৮:৪৩ প্রিন্ট সংস্করণ

নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় নির্বাচনি ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়ন করতেই ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার নির্বাচন ভবনে চতুর্থ কমিশন সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আদালতের আদেশের যেন ব্যত্যয় না ঘটে, সেজন্য গেজেট প্রকাশ করা হয়েছে।

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় ইসি।এরপর ২৭ এপ্রিল ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করে কমিশন।পরদিন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই ইসি বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেছে।

তবে ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইন মন্ত্রণালয়ের মতামতের প্রয়োজন না হলেও এক্ষেত্রে মতামত চেয়েছিল।

আইন উপদেষ্টা আরও বলেন, আমরা জানতে পেরেছিলাম, নির্বাচনি মামলায় প্লেইন্ট (আরজি) পরিবর্তন করা যায় না। কারণ, এটা কোয়াশি সিভিল মেটার। এসব ক্ষেত্রে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। ইশরাক সাহেব বোধহয় পরে প্লেইন্ট পরিবর্তন করেছিলেন। সেজন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা গেজেট হবে, নাকি আপিল করতে হবে। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করে নাই। উনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন।

বুধবার আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার আগেই গেজেট প্রকাশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সানাউল্লাহ বলেন, আমাদের মধ্যে বাধ্যবাধকতা ছিল ১০ দিনের মধ্যে এটার নিষ্পত্তি করার। আমরা নিষ্পত্তি করেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিলাম। ২৫ এপ্রিল ছিল দশম দিন। শুক্রবার ও শনিবার ছুটি।এরপর রোববার (২৭ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত আমরা অপেক্ষা করি। রিপ্লাই না পেয়ে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা করেছি।

এমআই

আরও খবর

Sponsered content