জাতীয়

ইতিহাসে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করবে: ইসি সানাউল্লাহ

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ১:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে তিনি বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করবে।’

বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সে ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’

এ সময় স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘এবার দুটি ভোট হবে। ফলে সময়ের ব্যাপারে সবার একটু সংবেদনশীল হতে হবে।’

‘মক ভোটিংয়ে দেখা গেছে, একটা ভোটার গড়ে তিন মিনিট ৫২ সেকেন্ড সময় নিচ্ছে। যে ব্যালট না পড়ে ভোট দিচ্ছে, তার দুই মিনিট লাগছে। আর যে ব্যালট পড়ে ভোট দিচ্ছে, তার সাত-আট মিনিট লাগছে’, যোগ করেন ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, ‘এই বাস্তবতা আমরা জানি। কেন্দ্র বাড়বে না, বুথও বাড়বে না। ভোট ব্যবস্থাপনাকে আমাদের আরও স্মার্ট করতে হবে।’

এ সময় ভোটের দিন গণমাধ্যমের অবাধ চলাচল নিশ্চিত করার আশ্বাস দেন ইসি সানাউল্লাহ। একই সঙ্গে নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য কিউআর কোডের ব্যবস্থা রাখা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content