প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৯:২৮:০৩ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীহাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী বাংলাদেশ কখনো ঋণখেলাপিদের হাতে তুলে দেব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দেব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণখেলাপিদের জন্য এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে জাহান্নাম বানিয়ে ফেলব।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় বাউফল পাবলিক মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অতীতে মানুষ সংসদে গিয়ে চুরি করত। সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পর চোর হতো, টেন্ডার বাজ হতো। লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে সংসদে ঢুকাচ্ছে। সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন বলছে, মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম।’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ডাকাত ও চোরকে সেফ এক্সিট দেওয়ার জন্য ইলেকশন কমিশন আপনাদের বসানো হয় নাই। তরুণ প্রজন্মকে ব্যবহার করে শাসকগোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্তমাখা ক্ষমতা, এই রক্তমাখা গদি শাসকদের অনেক পছন্দের।’




















