যশোর প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২৫ , ২:৩৬:৪২ প্রিন্ট সংস্করণ
যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যুবদল নেতা আল মাসুদ রানাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের রায়পাড়া এলাকায় কোতয়ালী মডেল থানার পুলিশ এই অভিযান চালায়।
আটক আল মাসুদ রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রানার বাড়িতে বোমা ও অস্ত্র রাখা আছে। পরে পুলিশ সকালেই অভিযান চালায়। রানা আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। অস্ত্রগুলো রানার কী না, তা যাচাই করতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
অন্যদিকে, যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, “রানা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। সে ধরনের ছেলে নয়। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।” তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি। যুবদল কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল নেবে না।”





















