হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ
রিকশায় চড়ে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি রিকশাযোগে ডিসি কার্যালয়ে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বল্পসংখ্যক দলীয় নেতাকর্মী।
বিতর্কিত বক্তব্যের কারণে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ইসলামী বক্তা ও জামায়াত নেতা আমির হামজা সম্প্রতি তুলনামূলকভাবে নীরব অবস্থানে রয়েছেন। গণমাধ্যমে তার উপস্থিতিও কম দেখা যাচ্ছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হতে পারে—এমন কর্মকাণ্ড এড়িয়ে চলার চেষ্টা করছেন বলে সংশ্লিষ্টরা জানান। তবে রিকশাযোগে মনোনয়ন কিনতে এসে আবারও গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আমির হামজা বলেন, “অনেকে চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক এবং দেশ অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না থাকলে কী হয়, তা আমরা আগেও দেখেছি। সুতরাং ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন,“আমরা অনেকদিন ধরে মাঠে রয়েছি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন যেভাবে এগোচ্ছে, এভাবে চললে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।”
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি ডা. রায়হান আলী, জেলা কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান বোরহান ও আলী মুজাহিদ।
এছাড়া কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, সাবেক সভাপতি সেলিম রেজাসহ জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।




















