হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১১:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া–৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার–এর নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি ভাঙা বাংলায় বক্তব্য দিয়ে ধানের শীষে ভোটও চাইছেন তিনি।
মঙ্গলবার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে ওয়াং লিনার বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন জাকির হোসেন সরকার। ৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে ওয়াং লিনাকে ভাঙা বাংলায় স্বামীর জন্য ভোট চাইতে দেখা যায়। জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটি রাতেই ব্যাপক সাড়া ফেলে; কমেন্টে নেটিজেনরা তার উদ্যোগ ও অংশগ্রহণের প্রশংসা করেন।
প্রসঙ্গত, ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সদস্যসচিব। তিনি ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহাবুব উল আলম হানিফ।




















