শিক্ষা ও শিক্ষাঙ্গন

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ১১:৩২:০৮ প্রিন্ট সংস্করণ

১৯২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’ নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্বনাম পরিবর্তন করে বর্তমান নাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ১৯৯০ পর্যন্ত ৩৬ বার নির্বাচন হয়েছে। ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার হল এই ছাত্র সংসদ।

২০২৫ সালের ৯ই সেপ্টেম্বর সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল বিজয়ী হয়। সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হন।

নির্বাচন ঘিরে অর্গানাইজেশন স্ট্রাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী খায়রুল আলম জীম বলেছিলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে মুখিয়ে ছিল।

ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একজন যোগ্য প্রতিনিধি পেয়েছে , যার মাধ্যমে তারা প্রশাসনের কাছে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরতে এবং আদায় করতে পারবে। এর পাশাপাশি, হল সংসদের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের হলের সমস্যা সমাধানের জন্যও কাজ করতে পারবে। আমরা আশাবাদী, এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ রাজনৈতিক ধারার সূচনা হবে। সব মিলিয়ে, ক্যাম্পাসে নতুন কিছু ঘটতে চলেছে। এই নির্বাচন ঘিরে আমরা সবাই দারুণ উচ্ছ্বসিত।

জাকসু

১৯৭২ সালে প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট ৮ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসু -এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সদস্যরা সরাসরি ভোট দিয়ে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং অন্যান্য পদ নির্বাচন করেন। সর্বশেষ ১৯৯২ সালে নির্বাচন হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে (ভিপি) আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা বিজয়ী হয়েছেন।

চাকসু

তিন যুগ পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নির্বাচনে অভাবনীয় এক জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। কেন্দ্রীয় ছাত্র সংসদের ২১ সম্পাদকীয় পদের মধ্যে ১৯টিতে এবং পাঁচটি সদস্য পদের সবগুলোতেই জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।

ভিপি পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ইব্রাহীম হোসেন রনি, জিএস পদে সাঈদ বিন হাবিব, এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক জয়ী হয়েছেন।

জকসু

১৯৫৪ সালে প্রথম জগন্নাথ কলেজ ছাত্রসংসদ (জকসু) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভিপি এআর ইউসুফ আর জিএস সালাউদ্দিন আহমেদ নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৬৯ সাল পর্যন্ত জগন্নাথ কলেজ ছাত্রসংসদের ১০টি কমিটি হয়। স্বাধীনতার পরে ১৯৭২, ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৭ সালে আরও চারটি ছাত্রসংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন।

 

আরও খবর

Sponsered content