প্রবাসের খবর

গঙ্গাচড়ায় সার-বীজ-কীটনাশকের দাম কমানোর দাবিতে কৃষক সমিতির প্রতিবাদ সভা

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : ২৬ আগস্ট ২০২৫ , ৩:০৯:১৫ প্রিন্ট সংস্করণ

রংপুরের গঙ্গাচড়ায় সার, বীজ ও কীটনাশকের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে গঙ্গাচড়া বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

“কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা বলেন, সার, বীজ ও কীটনাশকের দাম অবিলম্বে কমাতে হবে, কৃষিপণ্যের লাভজনক দাম নিশ্চিত করতে হবে, কৃষি কার্ড প্রদান করতে হবে এবং গ্রামীণ রেশনিং চালু করতে হবে।

সভায় কৃষক আজিবর রহমান বলেন, “আমরা কৃষক, কৃষিই আমাদের পেশা। সবকিছু কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সার, বীজ ও কীটনাশকের দাম এত বেড়ে গেছে যে চাষাবাদে লাভ হয় না। তার ওপর আবার প্রয়োজনীয় সারও পাওয়া যাচ্ছে না। আমরা এর সমাধান চাই।”

উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ন্যায্য মূল্যে কৃষিপণ্য ক্রয় ও সার-বীজ-কীটনাশকের দাম নিয়ন্ত্রণ করতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বলেন, কৃষকরা বাংলাদেশের প্রাণ। কৃষি খাত ধ্বংস হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। তাই অনতিবিলম্বে ফসলের দাম বাড়াতে হবে, সার-বীজ-কীটনাশকের দাম কমাতে হবে এবং বরাদ্দ বাড়াতে হবে। পাশাপাশি কৃষক যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্বশীল হতে হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যায়, কৃষকরা সমস্যার সমাধান দ্রুত পাবেন।

আরও খবর

Sponsered content