হুমায়ুন কবির ঠাকুরগাঁও সংবাদদাতা।। ২৯ জানুয়ারি ২০২৬ , ১২:০০:০৮ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী (৭০)-এর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল তিনটায় হরিপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের ওসিয়ত অনুযায়ী জানাজায় ইমামতি করেন ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হাকিম। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে; তাঁর সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মরহুমের জামাতা রাব্বু সরকার জানান, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী হরিপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হরিপুর এলাকায় তিনি অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। যুদ্ধের শুরুতে বাঙালি ইপিআর সদস্যদের আশ্রয় দেওয়া এবং স্থানীয় যুবকদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
তার মৃত্যুতে হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।




















