সারাদেশ

টঙ্গীর এরশাদ নগরে গৃহবধূ ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার দাবি

  নুরুজ্জামান শেখ ।। গাজীপুর মহানগর ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৭:৪২ প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদ নগরের ৩ নম্বর ব্লকে পিংকি নামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম এসেছে গাজীপুর মহানগরীর ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী-এর।

ভুক্তভোগী পিংকি অভিযোগে জানান, তার স্বামী শান্ত অসুস্থ থাকায় চিকিৎসার সহায়তার কথা বলে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাবুল চৌধুরী তাকে দিঘীরপাড় এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে নেশাজাতীয় কিছু খাওয়ানোর পর তার ওপর জোরপূর্বক শারীরিক নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন। জ্ঞান ফিরলে কান্নাকাটি করলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং গোপনে ভিডিও ধারণ করা হয়েছে বলেও জানানো হয়।

পিংকির আরও অভিযোগ, ওই ভিডিও দেখিয়ে তাকে একাধিকবার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়েছে। পরে ঘটনার প্রমাণ হিসেবে তিনি নিজেই একটি ভিডিও ধারণ করেন বলে দাবি করেন। তিনি বলেন, ঘটনার পর তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত ব্যক্তি ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান।

উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।

ভুক্তভোগী পিংকি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, “আমি এর সঠিক বিচার চাই।”
এদিকে তার স্বামী শান্ত বলেন, “নারী লোভী বাবুল চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে অভিযুক্ত বাবুল চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পাশাপাশি দিঘীরপাড় এলাকায় তার বাসায় গেলে গেট তালাবদ্ধ পাওয়া যায়।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content