সারাদেশ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এমপি আতিকুর রহমান মুজাহিদ

  ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৬ , ২:৪১:২৪ প্রিন্ট সংস্করণ


সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামে ফেরার পথে রংপুর মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ সামান্য আহত হন। এছাড়া গাড়িচালক আবুল কালাম আজাদ (৪০) ও ব্যক্তিগত সহকারী ইকরাম হোসেন (২৫) গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর এমপি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। আহত চালক ও ব্যক্তিগত সহকারীকে পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “ঘটনাস্থলে ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content