সারাদেশ

গাজীপুরের পুবাইলে প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ইউনিটের সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ২০ ডিসেম্বর ২০২৫ , ১:৫৮:৪৪ প্রিন্ট সংস্করণ


গাজীপুরের পুবাইলের বসুগাঁও এলাকায় অবস্থিত দিশারী প্যাকেজিং নামক একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হঠাৎ করে দিশারী প্যাকেজিং কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কারখানার শেডসহ ভেতরে থাকা প্যাকেজিং তৈরির কাঁচামাল ও প্রস্তুত পণ্য সম্পূর্ণ পুড়ে যায়। স্টিলের কাঠামোয় নির্মিত কারখানাটির বিভিন্ন অংশ তীব্র তাপে দুমড়ে-মুচড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কারখানার ভেতরে থাকা মালামাল রক্ষা করা যায়নি। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content