প্রচ্ছদ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

  স্টাফ রিপোর্টার, বরগুনা ১০ আগস্ট ২০২৫ , ১:৫৯:০৯ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো-এর গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন—বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মহিববুল্লাহ হারুন, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম টিটু মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মাহবুবুল আলম মান্নু, জেলা বিএমএসএফ-এর সহ-সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম স্বপন, দিগন্ত টিভি পায়রা বন্দর উপকূল প্রতিনিধি মেহেদী হাসান, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ইত্তিজা হাসান মনির প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলাসহ নানা নিপীড়নের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। একটি সভ্য দেশে এ অবস্থা চলতে পারে না।

নেতৃবৃন্দ স্বরাষ্ট্র উপদেষ্টার  পদত্যাগ দাবি করেন এবং সাংবাদিক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচিতে বরগুনা প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content