প্রচ্ছদ

গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৫ , ১:৪০:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপি মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেকসহ একাধিক নথি উদ্ধার করা হয়েছে। চেকটি আগামী মাসের ২ তারিখে ক্যাশ হওয়ার কথা ছিল।

রিয়াদের বাসায় অভিযানে যা যা মিলেছে:
২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক

১০টি এফডিআরের কাগজ, প্রতিটিতে ন্যূনতম ২ লাখ টাকা জমা

একটি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক মাসে ৬০ থেকে ৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ

পুলিশ জানায়, এক ব্যবসায়ীর জমি উদ্ধারের বিনিময়ে রিয়াদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি হয়, যার আওতায় ওই চেকটি প্রদান করা হয়েছিল।

গ্রেপ্তার ও মামলার তথ্য:
২৬ জুলাই সন্ধ্যায় গুলশান-২ এর ৮৩ নম্বর রোডের শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৪০ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টাকালে পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন:

মো. সাকাদাউন সিয়াম (২২)

সাদমান সাদাব (২১)

মো. আমিনুল ইসলাম (১৩)

ইব্রাহীম হোসেন (২৪)

আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)

রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহীম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক।

সংগঠনের প্রতিক্রিয়া ও ব্যবস্থা:
ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিনজনকে সংগঠন থেকে বহিষ্কার করে এবং সেন্ট্রাল কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করে।

বর্তমান সভাপতি রিফাত রশিদ জানান, “এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে কোনো ছাত্র সংগঠন নিজের সদস্যের অপরাধের দায় স্বীকার করে এতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের শেল্টারে অনেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি, ‘বৈছাআর’ ব্যানার ব্যবহার করে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।”

 

আরও খবর

Sponsered content