সারাদেশ

চুনারুঘাটে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

  নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৬ , ১:১৮:২৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসির আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। আয়োজকদের দাবি, এটি হবিগঞ্জ জেলার প্রথম ডিজিটাল সার্ভিস সেন্টার।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় রানীগাঁও বাজারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির হবিগঞ্জ অঞ্চলের প্রধান সমবারু চন্দ্র মহন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক বিরাজ চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন। অনুষ্ঠানে অধ্যক্ষ ফজলুল হক তরফদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে রানীগাঁও বাজার ও আশপাশের এলাকার গ্রাহকেরা সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা নিতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, বুথ চালু হওয়ায় গ্রাহকদের মূল শাখায় সরাসরি যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পরিধিও বাড়বে।

এদিকে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার উদ্যোগে রানীগাঁও বাজারে ‘ক্যাশলেস রানীগাঁও বাজার’ শীর্ষক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেন, ক্যাশলেস পেমেন্ট ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থার বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান। আয়োজকেরা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রানীগাঁও বাজারে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নতুন এ সেবার ফলে ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে।

আরও খবর

Sponsered content