শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবিতে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  মো. সাদমান সাকিব দিশান: ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ১১:১৪:৪৯ প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক, জজকোর্ট ও ভিক্টোরিয়া পার্ক হয়ে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।

সমাবেশে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম এবং সর্বশেষ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু গণহত্যার জন্য দায়ীদের দোসররা অনুশোচনা না করে গণতান্ত্রিক বাংলাদেশের অর্জনকে ম্লান করতে বিভিন্নভাবে অপতৎপরতা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণহত্যার সঙ্গে জড়িতদের দোসরদের কোনো জায়গা দেওয়া হবে না। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

রুমি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাম্য, মানবিকতা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। এই প্রচেষ্টাকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে আমরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করব।’

সাম্প্রতিক সহিংসতা ও বোমাবাজির ঘটনাগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সারাদেশে সাম্প্রতিক সহিংসতা ও বোমাবাজির ঘটনাগুলোর বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তির মধ্যে কোনো ধরনের যোগসাজশ রয়েছে কি না, তদন্তের মাধ্যমে সেটিও খতিয়ে দেখা উচিত।’

রুমি বলেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে যা যা করা প্রয়োজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা করবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content