প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৮:৪৭ প্রিন্ট সংস্করণ
জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আজ সোমবার সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আইনজীবী শিশির মনির বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’
এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ‘আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।’
তিনি আরও বলেছিলেন, ‘যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা তাদের (সরকারি দল) আশ্বস্ত করছি, প্রতিটি মানবিক ও ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে কাজ করব। তারা সরকারে যাওয়ার পর আবার যদি পুরোনো কায়দায় ওলট-পালট কিছু করে, প্রথমে ব্যক্তিগতভাবে বলব, এগুলো ছেড়ে দেন। যদি তারা সংশোধন হয়ে যান, অভিনন্দন জানাব। যদি না করেন, তবে আগেও যেমন জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম আমরা করেছি, আগামীতেও ছাড় দেব না।’
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শিশির মনির। তিনি ৬৩ হাজার ২২০টি ভোট পেয়েছেন। অপরদিকে এ আসনে বিএনপির নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।














