প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১২:২৯:০৩ প্রিন্ট সংস্করণ
আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা কোনো বেকার ভাতা দিবো না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক শাহজাহান আলির সভাপতিত্বে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতে যে দলই ক্ষমতা এসেছে কেউই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না দুর্নীতি করে নাই। অতীতে যারা দেশ শাসন করেছে তারা কি বলতে পারবেন চাঁদাবাজি করে নাই। কিন্তু জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী ছিলেন দুর্নীতিমুক্ত। আমাদের চির শত্রুরা অনেক খোঁজাখুঁজি করেও এক টাকার দুর্নীতি পায়নি। কিন্তু তারপরও তাদেরকে বিচারিক হত্যা করেছে। ১১ জন জামায়াতের কেন্দ্রীয় নেতা বিচারিক হত্যার স্বীকার হয়েছে। অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। অনেককে আজীবনের জন্য পঙ্গু করে দেওয়া হয়েছে।’
আমিরে জামায়াত বলেন, ‘৫ আগস্টের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি—আমাদের জনশক্তিকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। অন্য দলের নেতাকর্মীরা যেখানে চাঁদাবাজি, দখলদারী নিয়ে ব্যস্ত, জামায়াত তখন জনসেবায় ব্যস্ত ছিলেন।
কেই বলতে পারবে না জামায়াত চাঁদাবাজি করেছে, বাসট্যান্ড দখল করেছে, কারো ওপর হামলা করেছে। জামায়াত সব সময় আদর্শিক রাজনীতি করে।’
যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কোনো বেকার ভাতা দিবো না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আগামী দিনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, বিচারের নামে তামাশা থাকবে না। বিচার হবে নির্যাতিত মানুষের জন্য।’
দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের সময় দীর্ঘদিন জুলুমের স্বীকার হয়েছেন। ডান্ডাবেড়ি পরিয়ে কোর্টে হাজির করেছে। আইনের তোয়াক্কা করেনি। হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে।’
পথসভায় বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উল্লাপাড়া উপজেলা আমির মাওলানা শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মোশাররফ আদনান, সিরাজগঞ্জ জেলা শিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সোয়াইব, সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি আব্দুল্লাহ, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি আশিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, সলঙ্গা থানা শিবিরের সভাপতি মহসিন আলম প্রমুখ।




















