প্রবাসের খবর

জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে চিঠি ফেরত পাঠাল ডাক বিভাগ

  মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৭:১৯:২৫ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

জীবিত প্রাপককে মৃত দেখিয়ে একটি গুরুত্বপূর্ণ চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট গ্রাহক।

প্রাপক গোলাম মোস্তফা মন্টু চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোলাম মোস্তফা মন্টু জানান, গত এপ্রিল মাসে অসুস্থ অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে সময় আয়কর বিভাগের আইনজীবী এফ কে এম লুৎফর রহমান তাঁর কাছে একটি চিঠি পাঠান। চিঠির খামে ঠিকানার সঙ্গে তাঁর মোবাইল নম্বরও লেখা ছিল। কিন্তু ডাক বিভাগের পক্ষ থেকে কোনো যোগাযোগ না করে খামের ওপর লাল কালিতে লেখা হয়— ‘প্রাপক মৃত্যুবরণ করায় ফেরত।’

রবিবার আইনজীবীর কাছ থেকে ফেরত আসা চিঠিটি হাতে পেয়ে হতবাক হন গোলাম মোস্তফা মন্টু। তিনি বলেন, “আমি সুস্থ আছি, অথচ ডাক বিভাগ আমাকে মৃত উল্লেখ করে চিঠি ফেরত পাঠিয়েছে—এটা সত্যিই অবিশ্বাস্য।”

চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার ঠিকানায়। ওই এলাকায় চিঠি বিলির দায়িত্বে থাকা ডাকপিয়ন আমিনুল ইসলাম বলেন, “আমি ফেসবুকে ওনার মৃত্যু সংবাদ দেখেছিলাম। তাই ধরে নিয়েছিলাম উনি বেঁচে নেই, সেই কারণে চিঠি ফেরত পাঠাই।”

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সুধীজনেরা ডাক বিভাগের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্ত ও জবাবদিহিতা দাবি করেছেন।

আরও খবর

Sponsered content