মোঃ নুরুজ্জামান শেখ (গাজীপুর): ২৩ আগস্ট ২০২৬ , ১০:৪৭:৩০ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরের টঙ্গীতে মানহীন ওষুধ তৈরি ও ওজনে বিচ্যুতির অভিযোগে ‘জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড’ নামক একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-র্যাব-২, উত্তরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে র্যাব-১-এর একটি দল টঙ্গী স্টেশন রোড এলাকার বিসিক শিল্পনগরীতে অবস্থিত জিকে ফার্মা (লাইসেন্স নং- ইউ-৩০৮)-এ বিশেষ অভিযান চালায়।
অভিযান পরিচালনাকালে কারখানায় উৎপাদিত ওষুধের মান ও ওজনে নানা বিচ্যুতিসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এ সময় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩’-এর ১৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা নগদ জরিমানা করেন এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে গাজীপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক জনাবা তানিশা আরফিন উপস্থিত থেকে কারিগরি সহায়তায় অংশ নেন।
অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জনস্বার্থ ও ভেজাল ওষুধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।















