আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৮:১৩:২২ প্রিন্ট সংস্করণ
রাজনৈতিক মামলার কারণে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন সাওন। ছাত্রজীবনে বন্ধু-সহপাঠীদের মাঝে ছিলেন প্রাণের মানুষ, সকলে যার আন্তরিকতা ও সহমর্মিতার কথা স্মরণ করেন। রাজনৈতিক মামলার জেরে একসময় কাউকে কিছু না জানিয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। বিদেশে থাকা অবস্থায়ও চলমান ছিল মামলার জাল।
দীর্ঘ প্রতীক্ষার পর গত মঙ্গলবার তিনি বাংলাদেশে পৌঁছান। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে হাজির হয়ে মামলায় জামিন গ্রহণ করেন। শুক্রবার সকাল ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছালে উচ্ছ্বসিত নেতা-কর্মী, এলাকার বড়-ছোট ভাই এবং স্থানীয় মানুষজন তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। আবেগঘন পরিবেশে সাদ্দামও সবাইকে জড়িয়ে ধরে স্বাগত জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
বাড়িতে পৌঁছালে মা-ছেলের পুনর্মিলনে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এরপর তিনি বাবার কবর জিয়ারত করেন। পাশাপাশি রাজনৈতিক সহযোদ্ধা টিপু হাওলাদার ও কবির মোল্লার কবরেও যান। তারা আওয়ামী লীগের দোসর পেটুয়া বাহিনীর ক্রসফায়ারে নিহত হন বলে নেতা-কর্মীরা অভিযোগ করেন। সাদ্দাম তাদের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের নেতা আকাশ মাহমুদ, মো. রাছেল, খাইরুল, আলী আশরাফ, মিজান, তারিকুল; উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ, যুগ্ম আহ্বায়ক এসেন্ট রায়, ছাত্রদল নেতা সাজ্জাদ; উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিঠু সরদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





















