নওগাঁ প্রতিনিধিঃ ১৮ আগস্ট ২০২৬ , ১২:২৭:০৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মহাদেবপুরে দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের বিনোদপুর (মধ্যপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম (৩৬) বাদী হয়ে আব্দুর রাজ্জাক সরদার, বাবুল সরদার,তাহের সরদার,সামসুল আলম,রফিকুল ইসলাম,রিপন ইসলাম,শাহেদ ইসলাম,পারভেজ রহমান,রাসেল ইসলাম ও সেকেন্দার আলীসহ সর্বমোট ১০ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিনোদপুর গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের সাথে অভিযুক্তদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শহিদুলের বসতবাড়ির টিনের মেইন গেট কোপ দিয়ে ভেঙে অনাধিকার প্রবেশ করে। অভিযুক্তরা শোকেসের কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়া শোকেসের ড্রয়ার ভেঙে নগদ ৪ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা) চুরি করে নিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাধা দিতে গেলে শহিদুলের ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. সাবিনা খানমকে (২৮) ধাক্কা দিয়ে ইটের ওয়ালে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা পরিবরের অন্যান্য সদস্যদের মারপিটের চেষ্টা চালালে এবং হুমকি দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা। তারা জানান, বিবাদমান জমি ও পুকুর নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পৈত্রিক সূত্রে প্রাপ্ত পুকুরের অর্ধেক অংশে বাঁশের খুঁটি পুঁতে দখল বুঝে নেওয়া হয়েছে এবং ইতিপূর্বে স্থানীয়ভাবে ও থানায় একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যৌথ মালিকানাধীন পুকুরটিতে উভয় পক্ষ মাছ চাষ করলেও বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা তারা ঘটাননি বলে দাবি করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ৯৯৯ নম্বর থেকে কল এবং লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















