সারাদেশ

নওগাঁর মান্দা থানার ওসি মাসুদ রানা অপসারিত

  নওগাঁ প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১০:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ

 

নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে নওগাঁ পুলিশ লাইন্স ওআর হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই আদেশে মান্দা থানার নতুন ওসি হিসেবে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলমকে পদায়ন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, প্রশাসনিক কারণে এই রদবদল করা হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনকালে ওসি মাসুদ রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। মান্দা থানায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ ওঠে বলে দাবি করেন একাধিক ভুক্তভোগী।

সম্প্রতি দক্ষিণ মৈনম এলাকায় তেলের মজুত অনুসন্ধানের নামে গভীর রাতে অভিযানের সময় পুলিশ সদস্যদের আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এছাড়া জ্বালানি সংকটের সময় একটি ফিলিং স্টেশনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আরও অভিযোগ রয়েছে, একটি হত্যা মামলার তদন্তে গাফিলতি এবং জরুরি সেবা ‘৯৯৯’-এ কলের পরও যথাসময়ে পুলিশি সাড়া না দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ওসি মাসুদ রানার অপসারণের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতেই এই রদবদল করা হয়েছে।

আরও খবর

Sponsered content