আন্তর্জাতিক

নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড ও জন্ম নিবন্ধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

  আশরাফুল আলম ফুল, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৫ , ১২:৫৩:৩১ প্রিন্ট সংস্করণ


নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন সরকারি সেবা নিতে গিয়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, কম্পিউটার অপারেটর ও চৌকিদার মিলে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই অর্থ আদায় করে আসছে। অভিযোগ অনুযায়ী, টিসিবি ফ্যামিলি কার্ড একটিভ করার জন্য প্রতি কার্ডধারীর কাছ থেকে ১০০ টাকা এবং জন্ম নিবন্ধনের প্রত্যয়ন নিতে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বিষয়টি নিয়ে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আব্দুর রশিদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। ইউনিয়ন সচিব প্রথমে গড়িমসি করলেও পরে জানান, চেয়ারম্যানের নির্দেশে ‘ট্যাক্স বাবদ’ টাকা নেওয়া হচ্ছে।

চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।