আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে চীনের সহায়তার আশ্বাস

  প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ১১:১০:০৮ প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে চীন অবিরাম কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে বেইজিং। পাশাপাশি শান্তি আলোচনায় আরও বড় ভূমিকা রাখার এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেছে দেশটি।

আজ শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতির বরাতে বলা হয়, এই সংঘাত কখনোই ঘটার কথা ছিল না এবং এটি অব্যাহত রাখারও কোনো কারণ নেই। তবে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সরাসরি সমালোচনা এড়িয়ে গেছে বেইজিং।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে তিনি আর বেশি ধৈর্য ধরবেন না।’ ট্রাম্প আরও দাবি করেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান ইস্যুতে সমাধান খুঁজতে চীনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।’

চীন দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র। দেশটি ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং তেহরানের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ট্রাম্প প্রশাসনের আশা ছিল, বেইজিং তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ইরানকে আলোচনার টেবিলে আনতে ভূমিকা রাখবে।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ অর্থনৈতিকভাবে চীনের জন্য চাপ তৈরি করছে, কারণ তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটির শিল্পকারখানাগুলোকে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। তবে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে পরিস্থিতি শি জিনপিংয়ের জন্য ইতিবাচক হতে পারে।

তাদের মতে, যুদ্ধের চাপে দুর্বল অবস্থানে থাকা ট্রাম্প প্রশাসনের বিপরীতে শি নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী নেতা হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবেরও একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

আরও খবর

Sponsered content